প্রিয়াঙ্কা-বিজেপি ‘ব্যঙ্গযুদ্ধ’

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২২:৩৮
ভারতে চলতি লোকসভা নির্বাচন উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর তনয়া প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে ব্যঙ্গযুদ্ধ শুরু হয়েছে। আর এই যুদ্ধ শুরু হয়েছে দেশটিতে নারীদের নিরাপত্তা, দুর্নীতি এবং প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রকে নিয়ে। সমপ্রতি উত্তরপ্রদেশের রায়বেরেলিতে মা সোনিয়া গান্ধীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী মোদীকে ইঙ্গিত করে অভিযোগ করেন, যারা যুবতীদের ফোনে ব্যক্তিগত আলাপচারিতায় আঁড়ি পাতেন তারা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তারা নারীদের জন্য হুমকিস্বরূপ। তাই তাদের প্রত্যাখান করতে হবে। মূলত প্রিয়াঙ্কা মোদীর ডানহাত অমিত শাহের দিকেই অভিযোগের আঙ্গুল তোলেন। মোদী এবং অমিত শাহের ২০০৯ সালের ওই কেলেঙ্কারি ‘স্নুপগেট’ নামে পরিচিত। এছাড়া প্রিয়াঙ্কা তার স্বামী রবার্ট ভদ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেরও জবাব দেন। তিনি বলেন, আমার স্বামীর সম্মান ক্ষুন্ন করা হচ্ছে। তবে আমি এর বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করবো। তিনি বলেন, উন্নয়ন, চাকরি এবং যুবকদের সমস্যার কথা না বলে কিছু তুচ্ছ বিষয় নিয়ে সমালোচনা ঝড় তোলা হচ্ছে এবং মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এরপরই মোদী প্রিয়াঙ্কার সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন, কংগ্রেসের শাসনামলে কী নারীরা নিরাপদ ছিল? কংগ্রেসের মুখে নারীদের নিরাপত্তার কথা মানায় না। তিনি কারো নাম প্রকাশ না করে গুজরাটের গান্ধীনগরে এক নির্বাচনী সমাবেশে বলেন, আপনি বলছেন, আমরা আরো শক্তিশালী হবো। তিনি প্রিয়াঙ্কার নাম প্রকাশ না করলেও তাকে ইঙ্গিত করেই বলেন, আপনারা (গান্ধী পরিবার) গত ৬০ বছর ধরে শক্তিশালী হয়েছেন। এবিসিডি বিতর্ক : এদিকে সমপ্রতি মোদী কংগ্রেস সরকারকে ‘আরএসভিপি’ নামে অভিহিত করেন। যার অর্থ রাহুল, সোনিয়া, প্রিয়াঙ্কা এবং ভদ্র। তিনি অভিযোগ করেন, এদের মধ্যে কেউ এক লাখ থেকে ৪শ কোটি রুপির মালিক হয়েছেন। এছাড়া তিনি ‘এবিসিডি’র কথাও বলেন। মোদী এর দ্বারা বোঝাতে চেয়েছেন, এ-আদর্শ, বি-বোফোর্স, সি-কোল (কয়লা) এবং ডি- দামাদ (জামাইবাবু; প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র) সংক্রান্ত দুর্নীতি। এর জবাবে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আপনি জনগণকে ইংরেজি অক্ষর শিখাবেন না। আপনি কোনো স্কুলে শিক্ষকতাও করেননি। আপনি টেলিভিশনে বক্তব্য দেন। ইংরেজি অক্ষর না শিখিয়ে জনগণকে বলুন, আপনি তাদের জন্য কী করবেন। তিনি অভিযোগ করেন, গুজরাট মডেলের নামে মোদী তার বন্ধুদের সস্তায় জমি দিয়েছেন। আর তিনি কৃষকদের ক্ষতি করেছেন বলে উল্লেখ করেন প্রিয়াঙ্কা।