না’গঞ্জে লক্ষ্মীনারায়ণ মিলে সন্ত্রাসী তাণ্ডবের ঘটনায় মামলা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২২:৪১
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে নিউ লক্ষ্মী নারায়ণ কটন মিলে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী তাণ্ডবের ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে ও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। হামলার পর রাতেই আহত দিপু সরকার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। এদিকে ওই ঘটনার পর মিলের ভেতরে পুলিশ মোতায়েন করা হলে সন্ত্রাসীরা গতকাল শুক্রবার মিলের বাইরে স্থানীয় বাজারে শেয়ারহোল্ডারদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পরেশ, জলিল, ইব্রাহীম ও বিধান সরকার নামে চারজন আহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই দিবা মামলার সত্যতা স্বীকার করে জানান, মিলের ভেতরে গতকাল সকালে কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি। তবে মিলের বাইরে হামলা হয়েছে কি না সে খবর আমাদের জানা নেই। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ওই মিলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আন্দোলনরত শেয়ারহোল্ডার ও তাদের পরিবারের নারী সদস্যদের ওপর বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হন। এসময় কমপক্ষে ৪০টি ঘর ভাংচুর করে সন্ত্রাসীরা। তারা মুক্তিযোদ্ধা বিজয় সরকারের বাসায় থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।