জুনে পদ্মা সেতুর কার্যাদেশ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২২:৪২
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জুন মাসে পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে। ২০১৭-১৮ সালে এই সেতুর কাজ শেষ হবে, পদ্মা সেতু এখন কোন স্বপ্ন নয়, বাস্তব। বিশ্বব্যাংকের প্লানে পদ্মা সেতুর কাজ হচ্ছে। মূল সেতুতে ১০ হাজার কোটি টাকা ব্যয় হবে। ইতোমধ্যে স্থানীয় কনসালটেন্ট সেনাবাহিনী অনেক কাজ করেছে। গতকাল শুক্রবার সকালে পাবনার চাটমোহর উপজেলার চাটমোহর-হান্ডিয়াল-হামকুড়িয়া সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নিয়ে কেউ যেন রাজনীতি না করেন। বিএনপির তিস্তা লংমার্চ সম্পর্কে তিনি বলেন, পানি এলো আবার চলে গেলো, এটা তাদের কোন সফলতা নয়। লংমার্চে জনগণের সম্পৃক্ততা ছিল না। বিএনপির নেতাকর্মীরাই সেখানে যায়নি। এ সময় কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আওয়ামী লীগের উপজেলা সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, ইউপি চেয়ারম্যান রবিউল করিম, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।