চট্টগ্রামে জব্বারের বলীতে দিদারের শিরোপা অক্ষুণ্ন

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২২:৫৩
চট্টগ্রামে শত বছরের ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতার আসর আব্দুল জব্বারের বলী খেলায় শিরোপা অক্ষুণ্ন রেখেছেন বর্তমান চ্যাম্পিয়ন দিদার বলী। গতকাল শুক্রবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে জনপ্রিয় এ প্রতিযোগিতার ফাইনালে কক্সবাজারের রামুর দিদার বলী মাত্র ১৫ সেকেন্ডে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইউসুফ বলীকে ধরাশায়ী করে নবমবারের মত শিরোপা জয় করেন। সেমিফাইনালে দিদার বলী বান্দরবানের হ্য লা প্রুকে এবং ইউসুফ বলী কক্সবাজারের কুতুবদিয়ার খুরশিদ আলমকে পরাজিত করেন। এবছর জব্বারের বলী খেলার ১০৫তম আসরে দেশের বিভিন্নস্থান থেকে ১০৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিকাল ৪ টায় উত্সবমুখর পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বৈশাখের তীব্র তাপদাহ উপেক্ষা করে নানা বয়সের হাজার হাজার মানুষ জব্বারের বলী খেলা উপভোগ করেন। বরাবরের মত এবারও প্রতিযোগিতা স্পনসর করে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। এবার প্রতিযোগিতাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। প্রতিযোগিতার এক পর্যায়ে উচ্ছৃঙ্খল দর্শকদের নিক্ষিপ্ত পাথরে চট্টগ্রামের দৈনিক আজাদীর ফটো সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না এবং লাবলু নামে এক কারখানা শ্রমিকের মাথা কেটে যায়। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়। পাথরের আঘাতে মাশরুর হোসাইন নামে এক ফ্রিল্যান্স ফটো সাংবাদিকের হাতও কেটে যায়। সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থান বহিরাগতদের দখলে থাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মিডিয়া কর্মীরা বিড়ম্বনার শিকার হন। বলী খেলা উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে লালদীঘি ময়দান ও আশপাশের এলাকা জুড়ে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা এসেছেন নানা ধরনের পণ্যসামগ্রী নিয়ে। কোতোয়ালি মোড়, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মোড় ও কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকায় পসরা সাজিয়ে বসেছেন তারা। প্রতিবারের মত এবারও মেলায় বাঁশ, বেত ও কাঠের তৈরি আসবাবপত্র, মাদুর, পাটি, মাটির তৈরি হাঁড়িপাতিল, পুতুল, ফুলের টব, ফুলদানি, হাতপাখা, প্ল¬াস্টিকের খেলনা, বাঁশি ও রান্নাঘরে ব্যবহার্য সামগ্রীর বিপুল সমারোহ ঘটেছে। এছাড়া মুখরোচক মুড়ি, মুড়কি, খৈ, চানাচুর, বাতাসা, নিমকি, মৌসুমী ফল ও নানাপদের মিষ্টান্ন সামগ্রীও মেলায় পাওয়া যাচ্ছে। এছাড়া নারীদের জন্য রয়েছে ঘরকন্না ও রূপচর্চার নানা সামগ্রী। আবদুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা উপলক্ষে লালদীঘি ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো অভিযোগ পুলিশকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে। মেলার তিনদিন কোতোয়ালি মোড় থেকে আন্দরকিল্লা মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।