গোয়ার্তুমি করে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন সরকারের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিয়ুক। গতকাল শুক্রবার মন্ত্রিসভায় তিনি বলেছেন, সামরিক ও রাজনৈতিকভাবে ইউক্রেন দখল করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা ছাড়া আপাতত আর কোনো মতলব আছে বলে মনে হচ্ছে না। তিনি আরও বলেন, ‘বিশ্ববাসী এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ভুলে যায়নি। অথচ রাশিয়া এর মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাচ্ছে।’ তিনি বলেন, ‘ইউক্রেনে সামরিক যুদ্ধের প্রচেষ্টা ইউরোপে যুদ্ধ বাধাবে।’
তিনি এ সময় সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় রাশিয়া ‘গ্যাংস্টারের’ ভূমিকা পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি। ইয়াতসেনিয়ুক বলেন, ‘এটা পরিষ্কার যে, রাশিয়ার উদ্দেশে ইউক্রেনের নির্বাচনকে প্রভাবিত করে পশ্চিমাপন্থি ও ইউক্রেনপন্থি সরকারকে সরিয়ে রাজনৈতিক ও সামরিকভাবে ইউক্রেনকে দখল করা। এটা পরিষ্কার, রাশিয়া ইউক্রেনের নির্বাচন বানচাল করতে চায়।’ এদিকে ইউক্রেনে চলমান সংকট ও সহিংসতার জন্য রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নকে বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করায় আন্দোলনের মুখে ইউক্রেনের তত্কালীন সরকারের পতনের পর ইয়াতসেনিয়ুক দেশটির অন্তর্বতীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে রাশিয়াপন্থি বিক্ষোভকারীদের আন্দোলনে ক্রিমিয়া প্রদেশটি আলাদা হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। এ ঘটনার পর দোনেত্স্ক, স্লোভিয়ানস্কসহ পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি শহরে একই দাবিতে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার টানাপোড়েন চলছে। আগামী ২৫ মে প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিতে চায় ইউক্রেনের অন্তবর্তীকালীন মন্ত্রিসভা।
