বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, জনবান্ধব এ সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা ব্যাহত করতে একটি মহল অপচেষ্টা চলাচ্ছে। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি সরকারের উন্নয়নমূলক সকল কাজে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এ দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করা হবে। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপজেলা ভোলাকে উন্নত জেলায় পরিণত করা হবে। ভোলায় শাহবাজপুর গ্যাস ফিল্ডে আরেকটি গ্যাস কূপ খনন করা হচ্ছে। আরো গ্যাস পাওয়া গেলে এখানে গ্যাসভিত্তিক অনেক শিল্প-কলকারখানা গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, প্লাবন থেকে রক্ষার জন্য ভোলায় বেড়িবাঁধ সম্পন্ন ও নদী ভাঙ্গন রোধ করা হবে।
তিনি গতকাল শুক্রবার ভোলায় নবনির্মিত বিদ্যুত্ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির ভাষণ দানকালে এ কথা বলেন। এ বিদ্যুত্ কেন্দ্রের ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্রটি অচল হলেও এপ্রিল মাসের মধ্যে এটিও চালু হবে বলে কর্তৃপক্ষ জানান। ৩৪ ও ২৪ মেগাওয়াট বিদ্যুত্ দিয়ে এ মাসের শেষ নাগাদ ৫টি ইউনিট দ্বারা মোট ৫৪ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা হবে।
সিনহা গ্রুপের ভেনচার এনার্জি রিসোর্সেস লিমিটেডের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা জনসমাবেশে ঘোষণা দেন, মে মাস থেকে ভোলা হবে সম্পূর্ণ লোডশেডিং মুক্ত শহর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুত্ মন্ত্রণালয়ের সচিব মনোয়ারুল ইসলাম এনডিসি, কোম্পানির ডিরেক্টর (টেকনিক্যাল) এটিএম নাদিরুজ্জামান ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু।
