রামেক হাসপাতাল

সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তদন্ত শুরু

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২৩:০১
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিত্সকদের হামলার ঘটনায় উচ্চ পর্যায়ের ৫ সদস্যের তদন্ত টিম গতকাল শুক্রবার থেকে তদন্ত শুরু করেছে। এর আগে বৃহস্পতিবার রাতেই স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত ওই তদন্ত টিমের সদস্যরা রাজশাহী এসে পৌঁছান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে ওই টিমে রয়েছেন হুমায়ূন কবীর (উপ-সচিব), বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, বিএমএ প্রতিনিধি ডা. মোসাদ্দেক আহমেদ ও স্বাস্থ্য মহা-পরিচালকের প্রতিনিধি ডা. মাহমুদ হাসান। সূত্র মতে, তদন্ত টিম গতকাল বিকাল সাড়ে ৩টায় ওইদিনের ঘটনায় আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন। একইদিন পৃথকভাবে অভিযুক্ত ইন্টার্ন চিকিত্সকসহ হাসপাতালে ওই সময় কর্মরত চিকিত্সক কর্মকর্তা-কর্মচারীদেরও সাক্ষ্য গ্রহণ করা হয়। তদন্ত কমিটির অন্যতম সদস্য আব্দুল জলিল ভুঁইয়া সাংবাদিকদের জানান, তদন্ত কমিটি সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে। দ্রুত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হবে।