সিএসআরে কর রেয়াতের শর্ত শিথিলের আহ্বান

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২০:৪০
ব্যাংকিং খাতে সিএসআর খাতের ব্যয়ের উপর কর রেয়াত পাওয়ার শর্ত শিথিল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেছেন, বর্তমানে কর রেয়াত সুবিধা পেতে বেশ কিছু কঠিন শর্ত পালন করতে হয়। এসব শর্ত সহজ করা হলে সিএসআর বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে অর্থ ব্যয়ে আরও আগ্রহী হবে ব্যাংকগুলো। গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত পলিসি সার্পোট টু সিএসআর ইন দি কনটেক্স অব ট্যাক্স ইক্সামশান ফর দি ব্যাংকিং সেক্টর বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি একথা জানান। গভর্নর বলেন, সিএসআর খাতে কোনো কোম্পানির প্রকৃত ব্যয়ের ওপর ১০ শতাংশ পর্যন্ত আয়কর রেয়াত সুবিধা পাওয়ার কথা। তবে এ আয়কর রেয়াতের সুবিধা পেতে বেশকিছু শর্ত, যেমন কোম্পানির মোট আয়ের ২০ শতাংশ বা ৮ কোটি টাকা এর মধ্যে যেটি কম, তার চেয়ে বেশি ব্যয় হলে আয়কর রেয়াত প্রযোজ্য হবে না। এছাড়া সিএসআর বাবদ ব্যয়ের খাতগুলো সরকার অনুমোদিত হতে হবে। তিনি বলেন, কর রেয়াত সুবিধা পাওয়ার জন্যে সিএসআর ব্যয়ের ন্যূনতম সীমা ৮ কোটি টাকার বেশি হওয়া উচিত। কেননা, কোনো কোনো ব্যাংক এখন এর চেয়ে অনেক বেশি পরিমাণে সিএসআর ব্যয় করছে। আয়কর রেয়াত পাওয়ার অন্য শর্তগুলোও আরও সহজ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে দাবি জানান তিনি। বর্তমানে ব্যাংকগুলো বিভিন্ন খাতে যে সিএসআর কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা দেশের দারিদ্র্য নিরসন এবং সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে। ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মো. আমিনুল করিম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. কে সুর চৌধুরী, বিআইবিএম’র মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাটাডিজ বিভাগের ডিন শিবলী রোবায়েতুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রমুখ।