চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পণ্য বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে। এ সময়ে আমদানি ব্যয়ের তুলনায় রফতানি প্রবৃদ্ধি ভাল হওয়ায় বাণিজ্য ঘাটতি কমেছে ২২ দশমিক ৫৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্যে এমন চিত্র দেখা গেছে।
প্রতিবেদনে দেখা গেছে, আলোচ্য সময়ে দেশের পণ্য বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৩৫৬ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৫৯ কোটি ডলার। তা ছাড়া ২০১২-১৩ অর্থবছরের পুরো সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ৭০১ কোটি ডলার। এ সময়ে দেশে পণ্য আমদানি (জাহাজ ভাড়াসহ) বাবদ ব্যয় হয়েছে দুই হাজার ৩১৪ কোটি ডলার, যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ছয় দশমিক ২৪ শতাংশ বেশি। অন্যদিকে রফতানি থেকে আয় হয়েছে এক হাজার ৯৫৮ কোটি ডলার, যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯৫ শতাংশ বেশি।
তথ্যমতে, পণ্য বাণিজ্য ঘাটতি কমলেও সেবা বাণিজ্যে ঘাটতি বেড়েই চলেছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে সেবা বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২৬৭ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ খাতের বাণিজ্য ঘাটতি ছিল ২১৫ কোটি ডলার। এ খাতের বাণিজ্য থেকে আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি হওয়ায় এ ঘাটতি হয়েছে। এদিকে আলোচ্য সময়ে চলতি হিসাবের ভারসাম্যে ২০২ কোটি ডলারের উদ্বৃত্ত রয়েছে। আগের বছরে একই সময়ে উদ্বৃত্ত ছিল ১৯৯ কোটি ডলার।
