মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা নিয়ে অচলাবস্থা সৃষ্টি হলেও যুক্তরাষ্ট্র এ আলোচনা চালিয়ে যেতে তাদের প্রয়াস অব্যাহত রাখবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র তাদের পক্ষে যা যা করণীয় তাই তারা করবেন। দক্ষিণ কোরিয়া সফরকালে এসব কথা বলেন ওবামা।
ওবামা বলেন, ফিলিস্তিনি-ইসরাইলি শান্তি আলোচনাকে তারা বাতিল হতে দিতে পারেন না। তবে এ জন্য উভয় পক্ষকেই একটা ইতিবাচক সিদ্ধান্তে আসতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ জন্য সবসময়ই গঠনমূলক পদক্ষেপকে আমন্ত্রণ জানায়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ ও গাজার হামাস মঙ্গলবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে সম্প্রীতি চুক্তি বাস্তবায়নের ঘোষণা দেয়। চুক্তি অনুয়ায়ী পাঁচ সপ্তাহের মধ্যে ঐক্য সরকার প্রতিষ্ঠাসহ ফিলিস্তিনি পার্লামেন্টে আস্থা ভোটের পরবর্তী ছয়মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়।
