সাজার মেয়াদ শেষ হলেও আইনী জটিলতার কারণে দেশে ফিরে যেতে পারছেন না চট্টগ্রাম বিভাগের ৫ কারাগারের ৪৭ জন বিদেশি বন্দি। এদের মধ্যে অনেকে কয়েক বছর ধরে এসব কারাগারে বন্দি রয়েছেন।
কারাগার সূত্রে জানা যায়, ৪৭ জন বিদেশি বন্দির মধ্যে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ৯ জন, কক্সবাজার জেলা কারাগারে ৩০ জন, খাগড়াছড়ি জেলা কারাগারে ৫ জন, বান্দরবান জেলা কারাগারে ১ জন ও ফেনী জেলা কারাগারে ২ জন বন্দি রয়েছেন। সূত্র জানায়, পুলিশ ও বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) হাতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন সময়ে তারা আটক হন। অনেক আগেই তাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। এসব বন্দিদের মধ্যে বেশিরভাগই ভারত ও মিয়ানমারের নাগরিক। এসব দেশের সরকারের ক্লিয়ারেন্স না থাকায় সৃষ্ট আইনী জটিলতার কারণে তাদেরকে মুক্তি দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এ নিয়ে চিঠি চালাচালি চললেও সংশ্লিষ্ট দেশের সরকারের ধীরগতির কারণেই সাজা শেষ হওয়া বন্দিদের বাড়ি ফেরার বিষয়টি ঝুলে আছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, ২০১২ সালে ভারতীয় এক দম্পতিকে বিবিরবাজার সীমান্ত দিয়ে পাঠিয়ে দিলেও ওপারে বিএসএফ ওই দেশের নাগরিক হিসেবে গ্রহণ না করায় বাধ্য হয়ে তাদেরকে আবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনতে হয়েছে।
