এবার বার্সেলোনায় পরাজয়ের বিস্বাদ নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। গত শুক্রবার স্প্যানিশ সতীর্থ নিকোলাস আলমাগ্রোর কাছে প্রায় তিন ঘন্টার লড়াই শেষে আটবারের চ্যাম্পিয়ন নাদাল কোয়ার্টার ফাইনালে ২-৬, ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে হেরে বিদায় নেন। এর মধ্য দিয়ে ২০০৩ সালের পরে বার্সেলোনায় প্রথম পরাজিত হলেন ক্লে কোর্টে বিশেষ পারদর্শী নাদাল। একইসাথে ক্লে কোর্টে টানা ৪১ ম্যাচ জয়ের ধারাও ছেদ পড়লো তার। নাদাল আগের সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ডেভিড ফেরারের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন। স্প্যানিশ তারকাটি শেষবার কেবল ১৫ বছর বয়সে বার্সেলোনায় পরাজিত হয়েছিলেন।
এ নিয়ে ১১ বারের চেষ্টায় নাদালের বিপক্ষে ২৮ বছর বয়সী আলমাগ্রো প্রথম জয় তুলে নিলেন। খেলাটিতে নাদাল ৪৭টি আনফোর্সড এরর করেছেন। ২০০৩ সালে সর্বশেষ নাদাল বার্সেলোনায় স্বদেশী অ্যালেক্স কোরেজার কাছে পরাজিত হয়েছিলেন। আর ২০০৪ সালের ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।
- বাসস
