ইউরো ২০২০’র প্রার্থিতার লড়াই

সরে দাঁড়ালো সুইস, তুর্কি ও ফরাসি শহর

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২২:০৬
সুইজারল্যান্ড, ফ্রান্স এবং তুরস্কের শহরগুলো ২০২০ ইউরো চ্যাম্পিয়নশীপের স্বাগতিক হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। ইউরোপের শীর্ষ এই ফুটবল টুর্নামেন্টের পরবর্তী আসরটি প্রথমবারের মতো ইউরোপের ১৩টি দেশে আয়োজিত হবে। এর মধ্যে ১২টি দেশ তিনটি করে গ্রুপ ও একটি নকআউট ম্যাচ আয়োজন করবে। অপরদিকে ১৩তম দেশটি পাবে সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনের দায়িত্ব। উয়েফার তালিকায় ১৩টি ভেন্যুর মধ্যে সুইজারল্যান্ডের বাসেলের সেন্ট জ্যাকব-পার্ক স্টেডিয়ামটি ছিল। কিন্তু সুইস ফুটবল ফেডারেশন জানিয়েছে তারা প্রার্থিতার লড়াইয়ে অংশ নেবে না। এসএফএফ সভাপতি পিটার গিলেরোন এক বিবৃতিতে এ সম্পর্কে বলেছেন, প্রতিবেশী অস্ট্রিয়ার সাথে যৌথভাবে সুইজারল্যান্ড ইউরো ২০০৮ আয়োজন করেছিল। আর তাই গত ১২ বছরে যেসব দেশ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজন করেছে তাদের ২০২০ সালে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারই ফলশ্রুতিতে সুইস ফেডারেশন মনে করছে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে আর্থিক সমর্থন পাবার সম্ভাবনাও কমে গেছে। এদিকে ২০২০ সালের সেমিফাইনাল এবং ফাইনাল নিজেদের দেশে করার জন্য যে চেষ্টা তুরস্ক চালিয়েছিল তার থেকে আপাতত সরে আসার ঘোষণা দিয়েছে। তার পরিবর্তে ২০২৪ সালের ইউরোর স্বাগতিক হিসেবে স্বত্ব পাবার বিডে তারা প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছে। এ সম্পর্কে তুরস্ক ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, ‘আমরা বিশ্বাস করি তুরস্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তারা পুরো টুর্নামেন্টই আয়োজন করতে পারে।’ ফেডারেশনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশীপের ম্যাচগুলোর ধারণক্ষমতা বিবেচনায় তুরস্কে এই মুহূর্তে ১৩টি স্টেডিয়াম রয়েছে। আর এই পরিস্থিতিতে পুরো টুর্নামেন্টই আয়োজনে তুরস্ক পুরোপুরি প্রস্তুত। এ কারণে তুরস্ক ফুটবল ফেডারেশন ইউরো ২০২০ এর সেমিফাইনাল ও ফাইনালের আয়োজনের বিডে অংশ নিবে না। এর আগে ২০২০ প্রতিযোগিতা আয়োজনের বিড থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল ফ্রান্স। ইতোমধ্যেই চলতি সপ্তাহে চেক রিপাবলিক এবং ইউরো ২০১২ এর যৌথ আয়োজক পোল্যান্ড তাদের নাম উঠিয়ে নিয়েছে। তবে বেলজিয়াম আনুষ্ঠানিক বিডের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে। আগামী সেপ্টেম্বরে ইউয়েফা ১৩টি স্বাগতিক শহরের নাম ঘোষণা করবে। ইউয়েফা সভাপতি মিশেল প¬াতিনির আগ্রহেই মূলত ২০২০ চ্যাম্পিয়নশীপ পুরো ইউরোপ জুড়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ১৯৯৮ ইউরো এবং ২০০৬ বিশ্বকাপ আয়োজক দেশ জার্মানী ইতোমধ্যেই ২০২০ সালের জন্য নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। জার্মান ফুটবল ফেডারেশন স্বাগতিক শহর হিসেবে বার্লিনের পরিবর্তে মিউনিখকে বাছাই করেছে। - বাসস/এএফপি