কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ আটক ৫

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২২:১০
জমি ক্রয় নিয়ে বিরোধের সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষে কোম্পানীগঞ্জে চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যানসহ তার পরিবারের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহত হয়েছে ১৪ জন। উপজেলার চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল মতিন তোতা স্থানীয় আবদুল হক হেঞ্জুর নিকট থেকে জমি ক্রয় করে। কিন্তু জমির কাগজপত্র ঠিক না থাকায় তা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য গত শুক্রবার রাতে চরএলাহী বাজারে এক সালিশ বৈঠক বসে। চেয়ারম্যান আবদুল মতিন তোতা জানান, সালিশ বৈঠকে স্থানীয় যুবলীগ নেতা আবদুর রাজ্জাক লোকজনসহ হেঞ্জুর পক্ষ নিয়ে পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়। এ ঘটনায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল গনি বাদি হয়ে মামলা করলে পুলিশ চেয়ারম্যান তোতা, তার ৩ ছেলে ইব্রাহিম (২৯), সবুজ (২৭), ইকবাল (২৬) ও বড় ভাই ছেরাজল হক (৬০) কে গ্রেফতার করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান সাজিদ জানান, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারধর ও ভাংচুরের অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে।