জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড অসামরিক খাত হতে বেতন গ্রহণকারী ডাক, তার ও দূরালাপনী, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনীর কর্মচারী ছাড়া সকল ৩য় ও ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীদের নিকট থেকে তাদের সন্তান-সন্ততিদের জন্য ২০১৩-২০১৪ সালের শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
কর্মচারিগণ প্রাথমিক শিক্ষা ছাড়া যে কোন শিক্ষাকোর্সে অধ্যয়নরত অনধিক দুই সন্তানের জন্য একই ফরমে আবেদন করতে পারবেন। তবে তাদের সন্তানগণ যারা পূর্ববর্তী বার্ষিক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে পাস করে গড়ে ৫০% নম্বর অথবা বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারা এ শিক্ষাবৃত্তি লাভের যোগ্য হবে। সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের (৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত) পূর্ববর্তী পরীক্ষার নম্বরপত্র/ ট্রান্সক্রিপট এবং উচ্চ মাধ্যমিক/ স্নাতক/ স্নাতকোত্তর শ্রেণির ক্ষেত্রেও বোর্ড/ বিশ্ববিদ্যালয়ের নম্বরপত্র/ ট্রান্সক্রিপটসহ আবেদনপত্রের সংশ্লিষ্ট কলাম যথাযথভাবে পূরণ করে আগামী ৫ জুনের মধ্যে নিজ নিজ অফিস প্রধানের মাধ্যমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সংশ্লিষ্ট অফিসে পৌঁছাতে হবে। -তথ্য বিবরণী
