ইউরোপে যাচ্ছে খুলনার টালি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:১৬
খুলনা অঞ্চলের বিলুপ্ত প্রায় মাটির টালি শিল্প আবার ঘুরে দাঁড়িয়েছে। খুলনা বিভাগ থেকে তিনটি দেশে মাটির টালি রপ্তানি হচ্ছে। গত বছর খুলনা বিভাগ থেকে অন্তত ৬ লাখ ৪৬ হাজার ৮৩৫ ইউরো, ১ লাখ ৫২ হাজার ৬৩৫ মার্কিন ডলার ও ৭ হাজার ২৮৩ পাউন্ড স্টার্লিং মূল্যের মাটির টালি বিদেশে রপ্তানি করা হয়েছে। একদিকে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, অন্যদিকে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে এ শিল্পে। খুলনা রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, গত বছর খুলনা বিভাগের ১০ জেলা যথাক্রমে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকে তিনটি দেশ ইটালি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ড সে মাটির টালি রপ্তানি করে অন্তত ৬ লাখ ৪৬ হাজার ৮৩৫ ইউরো, ১ লাখ ৫২ হাজার ৬৩৫ মার্কিন ডলার এবং ৭ হাজার ২৮৩ পাউন্ড স্টার্লিং বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। তবে মাটির টালি উত্পাদন পরিবেশের জন্য ক্ষতিকর কি-না তা গবেষণার বিষয় বলে জানিয়েছেন পরিবেশবাদীরা। টালি শ্রমিক শফিকুল ইসলাম বলেন, আগে মাটির টালির তেমন একটা চাহিদা ছিল না। এক বছর ধরে এর চাহিদা বেড়েছে। আমরা যারা টালির কাজ করি তাদের আয়-উপার্জন আগের চেয়ে বেড়েছে। খুলনা রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃপক্ষ জানান, মাটির টালি উত্পাদন বিলুপ্ত হতে বসেছিল। শিল্পটি আবার ঘুরে দাঁড়িয়েছে। দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশে রপ্তানি হচ্ছে। সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায় এটি বেশি উত্পাদিত হচ্ছে। খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. তরুণ কান্তি শিকদার বলেন, টালি শিল্পের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। টালি রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। কিন্তু টালি পোড়ালে পরিবেশের ক্ষতি হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ কেমন তা পরীক্ষা করে দেখতে হবে।