মিরপুরের বস্তিতে ডেসকোর অভিযান

পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু, আটক ৪০

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:১৭
রাজধানীর মিরপুরের রূপনগরে শনিবার একটি বস্তিতে অবৈধ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পুলিশের সঙ্গে বস্তিবাসীর সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে আবদুল খালেক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪০ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিদ্যুত্ সরবরাহ কোম্পানির (ডেসকো) লোকজন ম্যাজিস্ট্রেট নিয়ে রূপনগরের ট-ব্লকের বস্তিতে অবৈধ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। এ সময় বস্তির লোকজন তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে রূপনগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বস্তিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ বস্তির লোকজনের উপর লাঠিচার্জ শুরু করলে তারা ইট-পাটকেল ছোঁড়ে। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিলে খালেকসহ তিনজন পাশের একটি ডোবায় পড়ে যান। দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও খালেক নিখোঁজ হন। বিকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরী দল খালেককে মৃত অবস্থায় উদ্ধার করে। ওই বস্তির বাসিন্দা খালেক বাবুর্চির কাজ করতেন। রূপনগর থানার ওসি সিকদার শামীম হোসেন জানান, ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হলেও তিনি কিভাবে ডুবে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অবৈধ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বস্তিবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের কথা স্বীকার করেন তিনি।