খালেদা জিয়া দেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চান

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:২০
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া একটি বিদেশি শক্তিকে খুশি করতে জামায়াতকে সাথে নিয়ে আবার নতুন করে মাঠে নেমেছেন। তিনি বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চান; কিন্তু তার এই ষড়যন্ত্র সফল হবে না। মোহাম্মদ নাসিম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গতকাল শনিবার খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম ৫ জানুয়ারির নির্বাচনের আগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ, নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে মারা, রেল লাইন উপড়ে ফেলাসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বলেন, খালেদা জিয়া ভেবেছিলেন নির্বাচন হবে না; কিন্তু আল্লাহর রহমতে নির্বাচন সম্পন্ন হওয়ার পর মন্ত্রিসভা গঠিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে চলছে। সংবিধান অনুযায়ী আগামী ২০১৯ সালে ১১তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচনের দাবি তুলে আন্দোলনের নামে কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধ করবে। মোহাম্মদ নাসিম বলেন, গরীব ও মধ্যবিত্ত মানুষের জন্য চিকিত্সা সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করে চলেছেন। সমাবেশে তিনি অবিলম্বে খুলনা নার্সিং কলেজ পুনরায় চালু, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে ৫শ শয্যায় উন্নীত, জেনারেল হাসপাতালের আধুনিক চিকিত্সা সরঞ্জাম ক্রয়ের জন্য ১০ কোটি টাকা অর্থ বরাদ্দ প্রদানের ঘোষণা দেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা, মিজানুর রহমান এমপি, জাসদ নেত্রী শিরিন আক্তার এমপি, গণতান্ত্রিক পার্টির মাহমুদুর রহমান বাবু, সাম্যবাদী দলের লুত্ফর রহমান প্রমুখ।