২৮ এপ্রিল সারাদেশে বিএনপির বিক্ষোভ ৪ মে গণঅনশন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:২২
আগামীকাল ২৮ এপ্রিল সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। একইসঙ্গে ৪ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে গণঅনশন কর্মসূচি পালন করবে দলটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড-গুম ও খুনের ঘটনার প্রতিবাদে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার এ কর্মসূচি ঘোষণা করেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল বলেন, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের মানুষের ওপর ভয়াবহ অত্যাচার শুরু করেছে। এই পরিস্থিতিতে দেশের মানুষ কেউ নিরাপদ নয়। তিনি বলেন, একটি দেশে শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও গুম চলতে থাকলে গণতন্ত্রের চর্চা কীভাবে সম্ভব? মির্জা ফখরুল বলেন, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড গণমাধ্যমে সঠিকভাবে আসছে না। সবার প্রত্যাশা ছিল ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পরে দেশে অতিদ্রুত একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগ নির্বাচনের পরে পুরো উল্টো কথা বলছে। এখন বলছে, ৫ বছর পরে নির্বাচন হবে। এ সময় উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু, সালাহউদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী আহমেদ, খন্দকার গোলাম আকবর, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মাসুদ আহম্মেদ তালুকদার, কাজী আসাদ, আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, জাফরুল হাসান, এম এ মালেক, সরাফত আলী সপু, শফিউল বারী বাবু, হাফেজ আব্দুল মালেক, নূরে আরা সাফা, শিরিন সুলতানা, বজলুল করিম চৌধুরী আবেদ প্রমুখ।