হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টয়লেট থেকে ১০৬ কেজি ওজনের ৯৩৬টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৪৩ কোটি টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমানের মেকানিক্যাল অ্যাসিসটেন্ট মো. আনিসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ০৫২ ফ্লাইটটি দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর বেলা সোয়া ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা তল্লাশি চালিয়ে ফ্লাইটটির টয়লেটে উল্লিখিত পরিমাণ সোনা উদ্ধার করেন। পরে সোনা চোরাচালানে জড়িত সন্দেহে মো. আনিসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্যরা উল্লিখিত স্বর্ণ নিয়ে দুবাই থেকে বিমানবন্দরে আসে। তাদের পূর্বপরিকল্পিত সোর্সের কাছ থেকে কোনো সঙ্কেত না পাওয়ায় বিমানের টয়লেটে স্বর্ণের বারগুলো ফেলে রাখা হয়।
