মংলায় অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:২৬
মংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত এম.টি জাকাহ নামের অয়েল ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে জাহাজের ইঞ্জিন রুমসহ পেছনের একাংশ পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে আহত হন জাহাজটির অন্তত ৪ কর্মচারি। এদের মধ্যে গুরুতর আহত মুসলিম ও বাদলকে শনিবার উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে জাহাজের সকলে ঘুমিয়ে ছিলেন। এ সময় ইঞ্জিনরুমে এ আগুন লাগে। এতে ৪ জন দগ্ধ হয়। তাদের রাতেই খুলনার আড়াইশ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে শনিবার দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। জাহাজটি বর্তমানে মংলা জেটি সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তাত্ক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সূত্রটি। ঢাকাস্থ হাইস্প্রিড কোম্পানির তেল বোঝাই ট্যাংকারটি চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার মংলা বন্দরে পৌঁছায়। শুক্রবার বিকালে বন্দরের সামিট রিফাইনিং তেল কোম্পানিতে তেল খালাস করে জাহাজটি রাতেই পশুর চ্যানেলে নোঙ্গর করে। মংলা ফায়ার সার্ভিসের সাফ অফিসার এসএম শাহাদাত্ হোসেন জানান, গভীর রাতে জাহাজে আগুন লাগার খবর পেয়ে মংলা ফেরিঘাট এলাকায় দল নিয়ে যাই। মংলা বন্দর কর্তৃপক্ষের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।