নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলাধীন বালুমহালে ইজারাদারদের লোকজন দ্বারা বালুবাহী নৌযানের শ্রমিকদের পূর্বের ন্যায় ডাবল টোকেন কাটা ও শ্রমিকদের মারধর করে অর্থ ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ও ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শনিবার বিকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখা। যতদিন পর্যন্ত প্রশাসন তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে না পারবে ততদিন পর্যন্ত তাদের এ ধর্মঘট চলবে বলে জানান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। শনিবার বিকালে শ্রমিকরা শীতলক্ষ্যা নদীর মাঝে নৌযান রেখে বিক্ষোভ প্রদর্শন করে।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ জানান, গত দুইদিন যাবত্ নারায়ণগঞ্জের নৌযান শ্রমিকেরা বিচ্ছিন্নভাবে কর্মবিরতি পালন করে আসছিলো। কয়েক দফা মুন্সীগঞ্জের চরের ইজারাদারদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছি। প্রশাসনের কর্মকর্তাদের সাথেও নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছি; কিন্তু শনিবার সকালেও নারায়ণগঞ্জের কয়েকটি নৌযান মুন্সীগঞ্জে গেলে বিজয় এন্টারপ্রাইজের মালিক নাছির মেম্বার এবং চাঁদনী এন্টারপ্রাইজের মালিক চানমিয়ার লোকজন শ্রমিকদের মারধর করে। বিকাল থেকে শ্রমিকরা সিদ্ধান্ত নেয়, তারা আর মুন্সীগঞ্জের দিকে নৌযান নিয়ে যাবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের এ বিষয়ে কোন সুষ্ঠু সমাধান না হয় এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করা হয় ততদিন পর্যন্ত আমাদের এ ধর্মঘট চলবে।
