শ্রীপুরে ডাকাত সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:৩০
উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে ডাকাত সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের একজন সোহাদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নূর ইসলাম (২৭)। অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, শ্রীপুরের গিলাশ্বর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী তাদের ধাওয়া করে প্রায় ১ কি: মি: দূরে সোহাদিয়া গ্রামে আটকে গণপিটুনি দিলে ঐ তিন ডাকাত ঘটনাস্থলে নিহত হয়। এ সময় ডাকাতদের লাশ উদ্ধার করতে গেলে পুলিশকে বিক্ষুব্ধ গ্রামবাসী বাধা দেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত নূর ইসলাম প্রায় দেড় মাস আগে একই গ্রামের মো: মানিক মিয়ার ছেলে মো: জসীম উদ্দিনকে (২২) গফরগাঁওয়ে নিয়ে খুন করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করে। এ ব্যাপারে গফরগাঁও থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, নূর ইসলাম একজন চিহ্নিত ডাকাত। সে মোবাইল ফোন, মোটর সাইকেল, সিএনজি অটোরিকশা, পিকআপ ছিনতাই করতো। নিহত নূর ইসলামের মাতা নূরজাহান বেগম জানান, গত চার মাস যাবত্ তার পুত্র বাড়িতে আসেনি। শ্রীপুর থানার এসআই মজিবুর রহমান জানান, নিহত নূর ইসলামকে ইতিপূর্বে ডাকাতি মামলায় দুইবার গ্রেফতার করা হয়েছিল।