৮৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন ৪৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্লানচেট। এবছর সেরা অভিনেত্রীর দৌঁড়ে তিনি হারিয়েছেন সেরা চলচ্চিত্র গ্রাভিটিতে অনবদ্য অভিনয় করা সান্দ্রা বুলককে। ‘ব্লু জেসমিন’ সিনেমায় এক অভিজাত পরিবারের নারীর চরিত্রে অভিনয়ের জন্য তাকে এ পুরষ্কারে ভূষিত করা হয়। সমাজের সমৃদ্ধশালীদের মধ্যে কি ধরনের মেকি জৌলুস এবং তার অন্তর্জগতের হাহাকার খুব সুনিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেন ক্যাথরিন এলিস ব্লানচেট। এটি তার দ্বিতীয় অস্কার। এর আগে ২০০৪ সালে ‘দ্য অ্যাভিয়েটর’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন ব্লানচেট। পরবর্তীতে ছয়বার অস্কার মনোনয়নও লাভ করেন এই তারকা। ক্যাথরিন এলিস কেট ব্লানচেট একজন অস্ট্রেলীয় অভিনেত্রী ও নাট্য নির্দেশক। এর আগে তিনি দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার লাভ করেন। এছাড়া ৬৪তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ভলপি কাপ খেতাবে ভূষিত হন তিনি। ১৪ মে ১৯৬৯ সালে মেলবর্নে জন্মগ্রহণ করেন কেট ব্লানচেট। মা ছিলেন একজন শিক্ষক ও প্রপার্টি ডেভলপার। আর বাবা মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা। ব্লানচেটের বয়স যখন ১০ বছর তখন হার্ট অ্যাটাকে তার বাবা মারা যান। তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় ব্লানচেট পড়াশোনা করেন ইউনিভার্সিটি অফ মেলবোর্ন-এ অর্থনীতি ও চারুকলা বিষয়ে। প্রাথমিকভাবে তিনি মঞ্চে কাজ শুরু করেন অভিনেত্রী ও নাট্য নির্দেশক হিসেবে। সেখান থেকেই ছোটোখাটো চরিত্রের মধ্য দিয়ে অভিষেক হয় টেলিভিশনে। ১৯৯২ সালে তিনি সিডনি থিয়েটার ক্রিটিকদের বিবেচনায় বেস্ট নিউ কামার অ্যাওয়ার্ড লাভ করেন। ১৯৯৭ সালে ‘প্যারাডাইজ রোড’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গণে সাড়া ফেলে দেন কেট। পরের বছর রানী এলিজাবেথের জীবনী নিয়ে তৈরি করা ‘এলিজাবেথ ওয়ান অব ইংল্যান্ড’ সিনেমায় এলিজাবেথ চরিত্রে অভিনয় করে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে নমিনেশন পান। সে বছর অস্কার হাতছাড়া হলেও ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (বাফটা) ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। কেট ব্লানচেট ২০০৭ সালে টাইম ম্যাগাজিনের হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপলের একজন নির্বাচিত হন। এছাড়া ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে সে বছরের সবচেয়ে সফল অভিনেত্রীর স্বীকৃতিও পান তিনি। এ পর্যন্ত তার অভিনীত সাতটি ছবি অস্কারে সেরা ছবির ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। এগুলো এলিজাবেথ, দ্যা লর্ড অব দ্য রিংস, দ্য এভিয়েটর, বাবেল এবং দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন। বলাই বাহুল্য অভিনয়ে এখনো সপ্রতিভ কেট পরবর্তী কয়েক বছর যে দারুন আলোচনায় থাকবেন তা বলাই যায়। এবছর তার হাতে রয়েছে ৫টি সিনেমা। এছাড়া আগামী বছরের জন্য এরই মধ্যে ৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
