পুলিত্জার জয়ী কথাসাহিত্যিক ডোনা টার্ট

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২০:০১
সম্প্রতি ঘোষণা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুলিত্জার পুরস্কার। এ বছর কথাসাহিত্যে এই পুরস্কার পেয়েছেন মার্কিন লেখক ডোনা টার্ট। তার তৃতীয় উপন্যাস ‘দ্যা গোল্ডফিঞ্চ’ এর জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। ‘দ্যা সিক্রেট হিস্টি’ খাত লেখক ডোনা টার্ট পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করেন এভাবে, ‘আমি অবিশ্বাস্য রকম খুশি এবং সম্মানিত বোধ করছি।’ ডোনা টার্ট ১৯৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপির গ্রিনউডে জন্মগ্রহণ করেন। বেড়ে উঠেছেন গ্রেনাডায়। ১৯৮১ সালে ভর্তি হন মিসিসিপি ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতেই তার লেখনী দৃষ্টি আকর্ষণ করে লেখক-সম্পাদক উইলি মরিসের। তার সুপারিশে তত্কালীন ওলে মিস রাইটার ইন রেসিডেন্স ব্যারি হানাহ ১৮ বছর বয়সী টার্টকে গ্র্যাজুয়েট শর্টস্টোরি কোর্সে ভর্তি করে নেন। টার্টের ‘দ্যা গোল্ডফিঞ্চ’ ২০১৩ সালে আমাজানের করা তালিকায় বর্ষসেরা বইয়ের স্বীকৃতি পায়। ম্যানহাটনের এক অনাথ কিশোর কিভাবে তার মায়ের মৃত্যুকে মেনে নিয়ে বেড়ে উঠে উপন্যাসটিতে সেই কাহিনীই বর্ণনা কার হয়েছে। লেখকের সাবলিল বর্ণনাভঙ্গি পাঠকের হূদয় ও মনকে ছুঁয়েছে এই উপন্যাসটিতে। ‘দ্য গোল্ডেনফিঞ্চে’ থিও ডেকার একটি সন্ত্রাসী বোমা হামলায় বেঁচে যায় কিন্তু সে তার মাকে হারায়। এদিকে একটি পুরস্কারপ্রাপ্ত ডাচ পেইন্টিং তার কাছে গচ্ছিত থাকে। এই উপন্যাসে প্রচুর ঘটনা আছে। এর চরিত্রগুলোকে বাস্তবের মতো মনে হবে। এটা টার্টের তৃতীয় উপন্যাস। তার প্রথম দুটি উপন্যাস হচ্ছে— ‘দ্য সিক্রেট হিস্ট্রি’ এবং ‘দ্য লিটল ফ্রেন্ড’। তার প্রথম উপন্যাস ‘দ্য সিক্রেট হিস্ট্রি’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। প্রথম প্রকাশেই ৭৫ হাজার কপি শেষ হয়ে যায়। পরবর্তী সংস্করণ বের করার আগেই উপন্যাসটি সর্বাধিক বিক্রিত উপন্যাস হিসেবে পাঠক মহলে সাড়া জাগাতে সক্ষম হয়। পরবর্তীতে উপন্যাসটি ২৪টি ভাষায় অনূদিত হয়েছে। ডোনা টার্টের দ্বিতীয় উপন্যাসের নাম ‘দ্য লিটল ফ্রেন্ড’। এই উপন্যাসের জন্য পাঠককে আপেক্ষা করতে হয়েছে প্রায় এক দশক। এটি প্রকাশ হয় ২০০২ সালে। তবে এই উপন্যাসটি পাঠককে তেমন আকৃষ্ট করতে পারেনি। ‘দ্য গোল্ডফিঞ্চ’ প্রকাশিত হয় ২০১৩ সালে।