ডিএসই’র লেনদেন কমেছে ৩৬ ভাগ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২০:৩০
মুনাফা তুলে নেয়ার প্রবণতায় গতকাল রবিবার শেয়ারবাজারে সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি টাকা। যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৩৬ ভাগ কম। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৭০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২৩৯ কোটি ৭৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের। প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন বৃদ্ধি করার উদ্দেশ্যে সম্প্রতি আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ও রয়্যাল গ্রিন ক্যাপিটাল মার্কেট লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে এস এম নিটওয়্যারস লিমিটেড। এক্ষেত্রে প্রধান ইস্যু ম্যানেজার হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সহকারী ইস্যু ম্যানেজার হিসেবে রয়্যাল গ্রিন ক্যাপিটাল মার্কেট লিমিটেড কাজ করবে। এস এম নিটওয়্যারস লিমিটেড, এস এম গ্রুপ অফ কোম্পানিজ এর একটি অঙ্গপ্রতিষ্ঠান যা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রপ্তানিমুখী তৈরি পোশাক উত্পাদন করে থাকে। এর কারখানাটি গাজীপুর জেলার ভবানীপুর অঞ্চলের সিঁড়িরচালায় অবস্থিত। এস এম নিটওয়্যারসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, আইডিএলসি ইনভেস্টমেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান এবং রয়্যাল গ্রিন ক্যাপিটাল মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর অন্য উচ্চপদস্থ কমকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।