কানাডা মাতালেন আইয়ুব বাচ্চু

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২০:৪০
নববর্ষ শেষ হলেও প্রবাসে এখনও বর্ষবরণ অনুষ্ঠান চলছে। কারণ, কর্মব্যস্ত প্রবাস জীবনে সাধারণত ছুটির দিনগুলোতে জমজমাট আসর বসে। তাই গত শনি-রবি ছুটির দিন থাকায় টরোন্টো, অটোয়া, মন্ট্রিয়ল, আলবাট্রা, ভ্যাংকুভারসহ অন্যান্য শহরেও জমে উঠছে বৈশাখী উত্সব। জানা গেছে, এবার টরন্টোতে আটটি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। দ্বিতীয়বারের মতো টরন্টোর বাঙালি পাড়া ড্যানফোর্থে বের হয় মঙ্গল শোভাযাত্রা। আর মেলায় অংশ নেন রথীন্দ্রনাথ রায়, কাদেরী কিবরীয়া, আলম আরা মিনু, নেনী, অনিমা ডি কান্তা ছাড়াও স্থানীয় শিল্পীরা। এদিকে মন্ট্রিয়লে বাংলাদেশ সলিডারিটি আয়োজিত বর্ষবরণ ও তারকা মেলা অনুষ্ঠানে আইয়ুব বাচু ও তার দল এলআরবি মাতালেন দর্শক-শ্রোতাদের। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার বাংলা নববর্ষ উপলক্ষে এক বার্তায় আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ, বাংলা নববর্ষে, আমি সবাইকে অত্যন্ত আন্তরিকভাবে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে এলআরবির আইয়ুব বাচ্চু বলেন, ‘এখানে যেন একখণ্ড বাংলাদেশ। তবে আরও ভালো লেগেছে বৈশাখী এই উত্সবে অগণিত কানাডিয়ানদের দেখে। তারাও যে একইভাবে আমাদের বৈশাখকে অন্যরকম আনন্দ নিয়ে উদযাপন করে, তা দেখেই দারুণ লেগেছে।’