শ্রীপুরে জমি অধিগ্রহণ বাতিল দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২০:৪৩
শ্রীপুরে প্রস্তাবিত বিদ্যুত্ উপকেন্দ্রের জন্য ফসলি জমির অধিগ্রহণ বাতিলের দাবিতে কয়েকশ’ কৃষক মানববন্ধন করেছেন। শনিবার সকালে শ্রীপুরের মাওনা ইউনিয়নের পাথারপাড়া গ্রামে নিজেদের ফসলি জমিতে কৃষকরা এ মানববন্ধন করেন। পরে কৃষকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে কৃষকরা আত্মহননের হুমকি দেন। কৃষকদের অভিযোগ, হাজার হাজার একর পতিত জমি রেখে গাজীপুর জেলা প্রশাসন তাদের একমাত্র ফসলি জমি অধিগ্রহণ করেছে। এতে নিঃস্ব হয়ে পথে বসতে হবে তাদের। জানা গেছে, উত্পাদন বাড়াতে বিদ্যুত্ মন্ত্রণালয় ২০১২ সালে শ্রীপুরের মাওনা এলাকায় একটি বিদ্যুত্ উপকেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ করে। মন্ত্রণালয়ের নির্দেশে ২০১৩ সালের ১৭ নভেম্বর গাজীপুর জেলা প্রশাসন শ্রীপুরের মাওনা ইউনিয়নের পাথারপাড়া গ্রামের ৫০বিঘা জমি অধিগ্রহণের কথা জানিয়ে জমির মালিকদের চিঠি দেন। ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে ৩০জন জমির মালিকসহ গ্রামের কয়েকশ’ নিরীহ কৃষক মিছিল নিয়ে তাদের জমিতে আসেন। জমির ফসল ঘেঁষে মানববন্ধন করেন কৃষকরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আশপাশের ৭-৮গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। পাথারপাড়া ভূমি রক্ষা কমিটির আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন নজরুল ইসলাম, শহিদুল ইসলাম সরকার, রফিকুল ইসলাম, সবুজ মিয়া, ইব্রাহীম খলিল, আনোয়ার হোসেন প্রমুখ। পরে সমাবেশে কৃষকরা বলেন, অবিলম্বে অধিগ্রহণ বাতিল করা না হলে আমরা গ্রামের শত শত কৃষক আমরণ অনশন করবো। তাতেও কাজ না হলে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার পথ বেছে নেবো।