মিরসরাইয়ে গড়ে উঠেনি বিশেষায়িত শিল্পাঞ্চল

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৪
চট্টগ্রামে শিল্প কারখানা স্থাপনের জন্য বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে ২০১০ সালে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের প্রেক্ষিতে পাওয়া মিরসরাইয়ের ৪ হাজার একর ভূমিতে আজও বিশেষায়িত অঞ্চল গড়ে উঠেনি। গত শনিবার চট্টগ্রাম চেম্বার ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ এর যৌথ আয়োজনে ‘প্রায়রিটিজ ফর ট্রেড পলিসি এন্ড স্পেশাল ইকনোমিক জোন’ শীর্ষক সেমিনার বক্তারা উপরের তথ্য প্রকাশ করেন। চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বাণিজ্য নীতির অব্যাহত সংস্কার, উন্নয়ন ও বিশেষায়িত শিল্পাঞ্চল বাস্তবায়নে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেন। চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে বাণিজ্য নীতি ও বিশেষায়িত শিল্পাঞ্চলের উপর প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার ও অপারেশন ডাইরেক্টর ড. খুরশীদ আলম। সূচনা বক্তব্য রাখেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ। আলোচনায় অংশগ্রহণ করেন চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, কোরিয়ান ইপিজেডের এমডি ব্রিগেডিয়ার (অবঃ) হাসান নাসির, সিটি কর্পোরেশন সচিব রশিদ আহমেদ, চবক’র চীফ প্ল্যানিং মনিরুজ্জামান, ডিএফআইডি’র ইকনোমিক এডভাইজর ড. স্টুয়ার্ড ডেভিস, বিজিএমইএ’র পরিচালক অঞ্জন শেখর দাশ, বিকেএমইএ’র শওকত ওসমান প্রমুখ।