বাউবির অধীনে বিএসসি-ইন-মেডিকেল টেকনোলজি ফ্যাকাল্টি চালু করা প্রসঙ্গে

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:১৭
গত ১৬-৩-২০১৪ তারিখে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘বিএসসি-ইন-হেলথ টেকনোলজির ওপর রেডিওলজি অ্যান্ড ইমেজিং কোর্স চাই’ শিরোনামের চিঠি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা চিঠিলেখককে ধন্যবাদ জানিয়ে আরো কিছু তথ্য সংযোজন করতে চাই। ইতোমধ্যে ব্যারিট-এর ঐকান্তিক প্রচেষ্টায় সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মহাখালী, ঢাকাতে বিএসসি-ইন-মেডিকেল টেকনোলজি (রেডিওলজি, ল্যাবরেটরি, ডেন্টাল ও ফিজিওথেরাপি) অনুষদ চালু হয়েছে। তাছাড়া বেসরকারি পর্যায়ে বিইউএইচএস (বাংলাদেশ ইউনির্ভাসিটি অব হেলথ সাইন্স, ঢাকা) প্রতিষ্ঠানে বিএসসি-ইন-মেডিকেল টেকনোলজির ওপর আন্তর্জাতিক মানের অনার্স কোর্স চালু হয়েছে। পত্রলেখক যে বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছেন তা হলো— যথোপযুক্ত সময়, অর্থ, বয়স এবং সরকারি পর্যায়ে আসন জনিত সীমাবদ্ধতার কারণে অনেক ডিপ্লোমাধারী টেকনোলজিস্ট ইচ্ছে থাকাও সত্ত্বেও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। আবার অনেক টেকনোলজিস্ট প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে শিক্ষা গ্রহণের প্রতিও আগ্রহী হয়ে উঠছে। এতে করে প্রচুর দেশীয় অর্থের অপচয় হতে পারে। বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় শ্রেণি ও পেশার প্রতি বিবেচনা করে তাদের দূর শিক্ষণ প্রোগ্রামে নতুন নতুন বিভিন্ন কোর্স কারিকুলাম চালু করে যাচ্ছে। শিক্ষার চলমান উন্নয়ন প্রক্রিয়ায় বাউবিতে বিএসসি-ইন-মেডিকেল টেকনোলজি অনার্স (রেডিওলজি, ল্যাবরেটরি, ডেন্টাল ও ফিজিওথেরাপি) ফ্যাকাল্টি চালু করতে আমরা জোর আবেদন জানাচ্ছি। মো. জাহাঙ্গীর আলম সেলিম, সভাপতি, খাজা মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট, ৭৮ কাজী নজরুল ইসলাম অ্যাভেনিউ, ফার্মগেট, ঢাকা