১১ কোটি টাকার কারেন্ট জাল ও জাটকা আটক করেছে নৌবাহিনী

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:৩৭
জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে ‘অপারেশন জাটকা’ পরিচালনা করছে। গত ৬ এপ্রিল হতে ২৬ এপ্রিল পর্যন্ত নৌবাহিনী দেশের উপকূলীয় অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের নদ-নদী, সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের অবৈধ জাল এবং জাটকা আটক করেছে। জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি হতে দেশের জাটকা সমৃদ্ধ বিভিন্ন নদ-নদীসমূহে অভিযান পরিচালনার মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ১৮১ মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। আটককৃত জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। ‘অপারেশন জাটকা’ আগামী ৩১ মে পর্যন্ত চলবে।-আইএসপিআর