বারাণসীতে মনোনয়নপত্র পেশ করতে গিয়ে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী প্রায় ছয় কোটি রুপি খরচ করেছেন এবং ভোটারদের প্রলোভন দিতে নিজের ছবিসহ শাড়ি, টি শার্ট, স্কার্ফ বিলি করে নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দায়ের করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পক্ষ থেকে এই অভিযোগ আনা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে বিজেপির বিলি করা শাড়ির প্যাকেটের নমুনা, ছবি এবং ভিডিও জমা দিয়েছে আম আদমি পার্টি। ৬ কোটি রুপি খরচের বিস্তারিত হিসাবও তারা দিয়েছে। দলটির দাবি, নির্বাচনী আচরণবিধি ভাঙার জন্য অবিলম্বে মোদীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিক কমিশন। সেই সঙ্গে ওই অর্থ মোদীর বারাণসীর নির্বাচনী খরচ হিসাবে ধরুক।
নির্বাচন কমিশনে এবং বারাণসীর রিটার্নিং অফিসারের কাছে দু’টি আলাদা অভিযোগপত্র জমা দিয়েছেন আম আদমির জাতীয় সচিব পঙ্কজ গুপ্ত। চিঠিতে বলা হয়, ছবি এবং ভিডিও থেকে স্পষ্ট যে, বারাণসীতে কার্যত উেকাচ হিসেবে বহু কিছু বিলি করা হয়েছে। ভোটের সময় ডায়েরি, টি শার্ট, শাড়ি, ভ্যানিটি ব্যাগ, ক্যালেন্ডার, পার্স বিলি করা নিষিদ্ধ এবং এটা করলে সেটা ভোটারদের ঘুষ দেওয়ার সামিল। বারাণসীতে মোদী ঠিক এটাই করেছেন।
রিটার্নিং অফিসারকে লেখা চিঠিতে আরো বলা হয়েছে, বিজেপি দাবি করছে এবং মিডিয়াও বলছে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন দু’ থেকে তিন লাখ লোকের জমায়েত হয়েছিল। খুব রক্ষণশীল হিসাব হল, এর মধ্যে অর্ধেকের হাতে বিজেপির পতাকা, মোদী-মুখোশ, টি-শার্ট, শার্ট, স্কার্ফ, শাড়ি, টুপি ছিল। সঙ্গে ছিল অসংখ্য কাট-আউট। এই খরচের হিসাবটা মোদীর বারাণসীর ভোটের খরচের মধ্যে জুড়তে হবে।
প্রসঙ্গত শনিবার পি চিদাম্বরমও অভিযোগ করেছেন, চেন্নাইয়ে একটি সভা করার জন্য বিজেপি ২০ কোটি রুপি খরচ করেছে। আরেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল বলেছেন, মোদীর কোনও হাওয়া নেই। আসল হাওয়া পয়সায়। তবে কংগ্রেস শুধু মৌখিক অভিযোগ করেছে। অভিযোগের সমর্থনে কোনও তথ্য প্রমাণ দেয়নি।
