অর্থনীতির উচ্চমাত্রার আকাঙ্ক্ষাই বিশ্ব অর্থনীতিতে মন্দার কারণ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২৩:১৪
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট বলেছেন, অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় নতুন ও বিকল্প উদাহরণ তৈরি করতে হবে। যেটার ভিত্তি হবে ন্যায়বিচার, ঝুঁকির ভাগ নেয়া, ফটকাবাজি মুক্ত ও মূল অর্থনীতির সঙ্গে সংযুক্ত। কারণ মূল অর্থনীতি উত্পাদনশীল কাজের সঙ্গে যুক্ত এবং সামাজিক অনাকাঙ্ক্ষিত কাজ বহির্ভূত। তিনি বলেন, গত কয়েক বছর ধরে বিশ্ব অর্থনীতিতে মন্দা চলছে, এখনো তা কাটেনি। সাধারণ অর্থনীতির উচ্চমাত্রার আকাঙ্ক্ষা এটার জন্য দায়ী বলে তিনি মনে করেন এবং এর বিকল্প হিসাবে ইসলামী অর্থনীতির কথা বলেন তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী একথা বলেন। ‘শরীআহ্ ব্যাংকিং: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ইসলামিক ব্যাংক্স কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং দ্রুত সম্প্রসারিত হলেও এর জন্য কোন আইন নেই। তাই সব পক্ষের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই তাদের জন্য আলাদা আইন করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। আইডিবি প্রেসিডেন্ট বলেন, ক্ষুদ্রঋণসহ ইসলামী অর্থনীতি দিন দিন প্রসার লাভ করছে। যার মাধ্যমে নিম্ন আয়ের মানুষ আর্থ-সামাজিক সেবা পাচ্ছেন। একইসঙ্গে স্বনির্ভর হওয়া ও দারিদ্র্যসীমা থেকে বের হওয়ার ক্ষেত্রেও ইসলামী অর্থনীতি সহায়তা করছে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী মো. আব্দুল মান্নান, গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। মূল নিবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামিক ব্যাংকিং বিশেষজ্ঞ এম. আযিযুল হক। আইবিসিএফ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহেরের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) ড. রেজাউল হক। অনুষ্ঠান সমন্বয় করেন সেমিনার প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল। আইডিবি প্রকল্পের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র হস্তান্তর বাগেরহাট প্রতিনিধি এবং শরণখোলা ও কয়রা (খুলনা) সংবাদদাতা জানান, দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় ইসলামী উন্নয়ন ব্যাঙ্ক (আইডিবি)-এর ফায়েল খায়ের প্রকল্পের টাকায় নির্মিত ২৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র কাম বিদ্যালয় ভবন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার বাগেরহাটের শরণখোলা ও খুলনার কয়রা উপজেলায় এ ধরনের দুটি ভবন পরিদর্শনের মধ্য দিয়ে আইডিবির সভাপতি ড. আহমেদ মোহামেদ আলী আনুষ্ঠানিকভাবে ২৪টি ভবন সরকারের কাছে হস্তান্তর করেন।