বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও কংগ্রেস ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীর গুজরাট উন্নয়ন মডেলের সমালোচনার জবাবে অভিযোগ করেছেন যে, তারা দু’জন ‘মিথ্যা বলায়’ একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাহুল মিথ্যাবাদী শুধু নন, তিনি একজন ভালো কমেডিয়ানও!
সুরাটের মহুয়া তহসিলের পঞ্চ কাকড়া ময়দানে এক সমাবেশে বক্তৃতাকালে মোদি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘মা যদি একটি মিথ্যা বলে তো, ছেলে বলে দু’টি। ছেলে যদি দু’টি বলে তো মা বলে তিনটি।’ সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল দু’জনেই সমপ্রতি বিভিন্ন জনসভায় উন্নয়নের গুজরাট মডেলের উপকারিতা ও বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর জবাবে মোদি বলেন, ‘একজন চা-বিক্রেতা’ তাদের শাসনকে চ্যালেঞ্জ করায় তারা হতাশ। মোদি বলেন, ‘এই মা-ছেলে জুটি’র আমার নাম না নিলে ভাত হজম হয় না। তারা সমস্যায় পড়েছেন। এতোদিন তারা একটি রাজতান্ত্রিক শাসন চালিয়ে আসছিলেন। ষাট বছর ধরে কেউ এটিকে চ্যালেঞ্জ করার সাহস করেনি।’
