রাজধানীর পল্লবীতে সিক্স মার্ডারের ঘটনায় তিন আসামির ফাঁসির আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া ফাঁসির দ্লপ্রাপ্ত অপর আসামি এমএ আজিম ওরফে মাসুদকে খালাস দিয়েছে উচ্চ আদালত। নিম্ন আদালতের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। রায়ে হাইকোর্ট তিন আসামি মাসুম মাতুব্বর, জাকির হোসেন বাহার ও মো. কামরুজ্জামান ওরফে কামরুলের মৃত্যুদণ্ড বহাল রাখে। নিম্ন আদালত এই চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছিলো।
ফাঁসির তিন আসামির পক্ষে আইনজীবী সাখাওয়াত হোসেন, আজিমের পক্ষে এবিএম সফিকুল ইসলাম বিপ্লব ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ ও ফরহাদ আহমেদ শুনানি করেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ১৩ অক্টোবর পল্লবী আবাসিক এলাকার এক বাড়িতে গৃহকর্মী খাদিজা (১৫), আন্না (১৪), মনির (১২), ভৃত্য রিজিয়া (৪২) ও তার ছেলে তোফেল (১৭) এবং দারোয়ান মিলন বকশিকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক সিরাজুল হক পরদিন পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৭ সালে ওই মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ডাকাতি করতে গেলে নিহতরা আসামিদের চিনে ফেলায় তাদেরকে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে বলা হয়। এ মামলায় ২০০৮ সালের ২৬ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ চারজনকে মৃত্যুদণ্ড দেয়।
