বগুড়া সরকারি আজিজুল হক কলেজে গতকাল রবিবার সকালে ছাত্রলীগের ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ ও ১৯ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এসব ঘটনায় ছাত্রলীগের উভয়পক্ষে আহত হয়েছে ৪ জন। এদের মধ্যে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে একাংশের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে গতকাল সকাল সাড়ে ৯টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজে জেলা ছাত্রলীগ ঘোষিত কমিটির সভাপতি মশিউর রহমান মন্টি ও সাধারণ সম্পদক আসলাম হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসে একটি মিছিল বের হয়। এ সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টায় কলেজ ছাত্রলীগের বিদ্রোহী কমিটির আহ্বায়ক বেনজির আহম্মেদ ও যুগ্ম-আহ্বায়ক আব্দুল হান্নান মিছিলসহ কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে মন্টি-আসলাম গ্রুপের নেতা-কর্মীদের ধাওয়া করে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালে ৪/৫ টি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ ড. দীপকেন্দ্রনাথ বলেন, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে ছাত্রলীগের ২ পক্ষের উত্তেজনা সৃষ্টি করা দুঃখজনক ঘটনা। জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েল বলেন, কলেজ ছাত্র পরিচয় দিয়ে বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছে। তাদের সাধারণ ছাত্ররা প্রতিহত করে।
