হূদরোগে আক্রান্ত ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় গতকাল রবিবার বাদ জোহর নগরভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই দিন বাদ আছর মহানগর বিএনপির উদ্যোগে কোর্ট মসজিদে অপর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মেয়রের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মইনউদ্দিন মনজু। তবে তাকে আগামী বুধবার পর্যন্ত হাসপাতালের সিসিইউতে থাকতে হবে। পাশাপাশি তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলেছেন চিকিত্সকরা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেয়র আরিফের চিকিত্সার খোঁজ-খবর রাখছেন। তিনি শনিবার সন্ধ্যায় তাকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান। মেয়রের স্ত্রী সামা হক জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু এবং রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ‘দৈনিক সিলেটের ডাক’ সম্পাদকমণ্ডলীর সভাপতি ড. রাগীব আলীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আরিফুল হক চৌধুরীকে দেখতে যান। শুক্রবার রাতে মেয়র আরিফুল হক চৌধুরী হূদরোগে আক্রান্ত হয়ে সিলেটের মাইন্ড এডোরা হাসপাতালে ভর্তি হন। মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
