সায়াদ হত্যার বিচার দাবিতে বাকৃবিতে আন্দোলন চলছেই

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২৩:২৩
সায়াদ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা গতকাল রবিবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, আজ সোমবার সকাল ৮টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে। যদি কেউ ক্লাস করতে যায় তাহলে প্রত্যেক অনুষদ তালাবদ্ধ করে রাখা হবে। অপরদিকে ক্লাস-পরীক্ষার দাবিতে উপাচার্যের সাথে সাক্ষাত্ করে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থার দাবি করেছে ছাত্র সমিতির নেতারা। উপাচার্যের সাথে শিক্ষকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখলে বিশ্ববিদ্যালয় বন্ধ দিয়ে পরবর্তীতে আগামী সেমিস্টার চালু করা হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বলেন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীদের আন্দোলন এবং ছাত্র সমিতির দাবিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।