টলিউড নির্মাতা মহুয়া চক্রবর্তী আমাদের দেশের মডেল অভিনেত্রী রুহির ভক্ত অনেকদিনের। ফ্যাশন র্যাম্পেই তাদের এই ভালোলাগার শুরু। আর মহুয়ার পরিচালনায় ‘গ্ল্যামার’ ছবিটি করবেন এই ছিল রুহির ভাবনা। আর শুরুর ভাবনা অনুযায়ী সে কাজটি তখন হলে হয়তো রুহির ডেব্যু ফিল্মে এই ছবিটির নামই থাকত। তবে আভ্যন্তরীণ জটিলতা সেরে এবার কলকাতা শুটিং ইউনিটের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন আমাদের গুণী এই অভিনেত্রী। রুহির বিপরীতে থাকবেন টলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেতা পরমব্রত। এমনিতে ‘কাহানি’, ‘গ্যাংস অব ঘোস্ট’সহ একাধিক ছবিতে অভিনয়ের পর বাংলা ছবির দর্শকদের অন্যতম আকর্ষণে তিনি পৌঁছে গেছেন। রুহি ছবিটিতে কাজের জন্য বর্তমানে কলকাতায় আছেন। সেখান থেকে বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আমরা যখন প্রথম পরমের সাথে কথা বলি তখনও ও এতটা জনপ্রিয় ছিল না। যাই হোক ছবি বিলম্ব হওয়াটাও আমাদের জন্য ভালো হয়েছে। এছাড়া সব্যসাচী, পার্নো মিত্রও রয়েছেন এই ছবিতে। পুরো ছবিটিতে মহুয়া নতুন কিছু দেখাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।’ উল্লেখ্য, এর আগে জয়া আহসান ও নিপুণ কলকাতার ছবিতে কাজ করেছেন।
