বিশ্ব নৃত্য দিবসের নানা আয়োজন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২০:৪৮
আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। বিগত ২৪ বছর ধরে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এ দিবসটি পালন করে আসছে। বিশ্ব নৃত্য দিবস ২০১৪ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা যৌথভাবে আয়োজন করেছে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আজ বিশ্ব নৃত্য দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছে মঙ্গল নৃত্যের আয়োজন। সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অভিমুখী আনন্দ শোভা যাত্রা দিয়ে শুরু হবে আয়োজনটি। এরপর সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘নৃত্যে তোমার মুক্তির রূপ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বেনজির সালাম ও ওয়ার্দা রিহাব। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে বাণী পাঠ করবেন ড. নিগার চৌধুরী, স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, আজীবন সম্মাননা প্রদান করা হবে নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেনকে, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নৃত্য ব্যক্তিত্ব লায়লা হক, শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।