ছবির ঘোষণায় তারকামেলা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২০:৪৯
দেশের অন্যতম মিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান ধ্বনি-চিত্র লিমিটেড এবং মনফড়িংয়ের যৌথ প্রযোজনায় তৈরি হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। রাজধানীর এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণাটি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্বনি-চিত্রের ব্যবস্থাপনা পরিচালক এবং ছায়াছবির প্রযোজক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকের, নাট্যজন মামুনুর রশীদ, পরিচালক শিহাব শাহীনসহ চলচ্চিত্রটির কলাকুশলীরা এবং চলচ্চিত্র শিল্পের বিশেষ ব্যক্তিবর্গ। সারা যাকের বলেন, ‘বাংলদেশের ঐতিহ্যবাহী চলচ্চিত্র শিল্প অঙ্গনে সামান্য অবদান রাখার উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত সবার সহায়তা ও শুভকামনা আশা করে আমরা আমাদের যাত্রা শুরু করছি।’ উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দৈনিক ইত্তেফাক বিনোদন প্রতিদিনে শিহাব শাহিনের প্রথম চলচ্চিত্রের ঘোষণা শীর্ষক খবরে ‘তিনি তার প্রথম ছবির নায়িকা হিসেবে বেছে নিয়েছেন তার জীবন সঙ্গীকে’ ছাপা হয়েছে। মূলত সংবাদটি হবে ‘তিনি তার প্রথম ছবির নায়িকা হিসেবে বেছে নিয়েছেন তারই সমসাময়িক নাট্য নির্মাতা এজাজ মুন্নার সহধর্মিণী মমকে’। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।