আগের দিনের ধারাবাহিকতায় গতকাল সোমবারও দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচক কমেছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। তবে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৬২৪ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। রবিবার ডিএসই’র ব্রড ইনডেক্স ছিল ৪ হাজার ৬৬৬ পয়েন্টে। লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৮৬ লাখ টাকা। সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের। এদিন এ কোম্পানির ৫৭ লাখ ৭০ হাজার ৫০০টি শেয়ার ৩৭ কোটি ৭৭ লাখ ৮২ হাজার টাকায় লেনদেন হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন হয় ৪৩৩ কোটি ৮৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে গতকাল ডিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৯৪ পয়েন্ট কমে ৮ হাজার ৯০২ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর লেনদেন হওয়া ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ২৩ লাখ টাকা।
