বাংলাদেশ থেকে কৃষি পণ্য বিশেষত পাট ও পাটজাত পণ্য আরো বেশি পরিমাণে আমদানি করতে আগ্রহী বেলারুশ। তবে এ জন্য বাংলাদেশের ব্যবসায়ীরা বেলারুশের ক্রেতাদের এই পণ্যে আগ্রহী করতে দেশটিতে বাংলাদেশি পণ্যের প্রদর্শনীর আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন দেশটির ব্যবসায়ী নেতারা। গতকাল সোমবার এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে বাংলাদেশ ও বেলারুশের বিজনেস কাউন্সিল বৈঠকে এমন অভিমত দেন মিনস্ক ডিপার্টমেন্ট অব দ্য বেলারুশিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মহাপরিচালক আলেক্সান্ডার ফেডারচুক। এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলারুশ সফরকালে উভয় দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে প্রথম বিজসেন কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল এফবিসিসিআইয়ে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে উভয় দেশের ব্যবসায়ীরা বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে বেশ কয়েকটি বাধার কথা তুলে ধরেন। বাণিজ্য বৃদ্ধির স্বার্থে ব্যাংকিং লেনদেন সহজ করা, বেলারুশে ভিসা পদ্ধতি সহজ করা এবং উভয় দেশে ট্রেড অফিস চালু করার মত প্রস্তাব উঠে আসে। এছাড়া বাংলাদেশে সরকার প্রদত্ত বিভিন্ন সুবিধা তুলে ধরে এদেশে বিনিয়োগে আসার জন্য দেশটিকে আহ্বান জানান কাজী আকরাম উদ্দিন আহমেদ।
