তাইওয়ানের রাজধানী তাইপের প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে রবিবার শত শত মানুষ পরমাণু বিরোধী বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা এসময় সেদেশে চতুর্থ পারমাণবিক কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা ওইদিন তাইওয়ানে চতুর্থ পারমাণবিক কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে নানারকম শ্লোগান দিতে থাকে। তারা অবিলম্বে এর নির্মাণ বন্ধের দাবি জানান।
রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এতে সে সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তাদের বক্তব্য জননিরাপত্তার স্বার্থে এটি বন্ধ করা উচিত। তারা বলেন, জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এটি বন্ধ ঘোষণা করা উচিত। অন্যথায় এর দায়ভার সকলকে নিতে হবে। ক্ষমতাসীন দল কুমিনট্যাং সাময়িকভাবে তাদের কাজ বন্ধ করতে সম্মত হলেও পুরো প্রকল্প তারা বাতিল করতে অস্বীকৃতি জানায়। বিক্ষোভকারীরা আজ মঙ্গলবার পর্যন্ত তাদের এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউ বলেন, পরমাণু ইস্যু নিয়ে বিতর্ক এড়াতে সরকার এজন্য একটি গণভোটের আয়োজন করবে, যার মাধ্যমে নির্ধারণ হবে এর ভাগ্য। অর্থমন্ত্রী বলেন, প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটাতেই এ পারমাণবিক স্থাপনা তৈরি হচ্ছে। এটি যদি নির্মাণ না হয় তাহলে বাকি তিনটা দিয়েই বিদ্যুতের চাহিদা পূরণ করা হবে।
