ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের তত্পরতা বেড়ে যাওয়ায় রাশিয়ার ওপর আরো কঠোর অবরোধ আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল সোমবার এ লক্ষ্যে বৈঠকে বসেন সংস্থাটির কূটনীতিকরা। এদিকে রবিবার ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে অপহূত বিদেশি পর্যবেক্ষককে মুক্ত করে দিয়েছে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। ইউএস এবং জি৭-এর সদস্য রাষ্ট্রগুলো দেশটিকে অস্থিতিশীল করে রাখার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে আরো ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে। ওদিকে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এক বিদেশি পর্যবেক্ষকে মুক্ত করে দিলেও এখনো সাতজন নাগরিক তাদের হাতে আটক রয়েছে। তবে বাকিদের উদ্ধারে অর্গাইনাইজেশন ফর সিকিউরিটি এন্ড কো-অপারেশন-ইন ইউরোপ (ওএসসিই) প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারিভ শহরে ইউক্রেনের অক্ষুণ্নতা বজায় রাখার সমর্থনে ফুটবল সমর্থকরা শোভাযাত্রা বের করলে সে সময় রাশিয়াপন্থিদের সাথে তাদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় অসংখ্য মানুষ আহত হয়। এছাড়া দোনেস্ক শহরে আঞ্চলিক টেলিভিশন ও রেডিও সদর দপ্তর দখল করে নিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।
