হামাসের সঙ্গে চুক্তি বাতিল করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসলামিক হামাস-সমর্থিত ফিলিস্তিন সরকারের সঙ্গে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ইসরাইল অংশ নেবে না বলে জানান তিনি।
নেতানিয়াহুর কথার জবাবে শনিবার মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইল স্বীকৃত ফিলিস্তিন লিবারেশন অরগানাইজেশনের (পিএলও) অধীনেই হামাসের সাথে চুক্তি করা হয়েছে। তাই হামাসের সাথে সম্প্রীতি চুক্তির কারণে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা বন্ধ হওয়ার কোন কারণ নেই। এদিকে পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন, ইসরাইল শান্তি আলোচনা থেকে সরে গেলে জাতিবিদ্বেষী রাষ্ট্র হিসাবে নানা সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে তাদের।
সিবিএস নেটওয়ার্কে দেয়া একটি ট্রান্সক্রিপ্টে মার্কিন টিভি প্রোগ্রাম ‘ফেস দ্য নেশন’ এ নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট আব্বাস হামাসের সঙ্গে চুক্তি চান নাকি ইসরাইলের সঙ্গে শান্তি চান সে ব্যাপারে তাকেই সিদ্ধান্ত নিতে হবে। হামাসকে গ্রহণ করে তিনি বলতে পারেন না যে তিনি ইসরাইলের সঙ্গে শান্তি চান।
তিনি আরো বলেন, আসলে আমি তাকে যা বলছি সহজ ভাষায় তা হচ্ছে, হামাসের সঙ্গে চুক্তি ভাঙুন। স্বীকার করে নিন ইহুদী রাষ্ট্রকে। শান্তি স্থাপন করুন।
