যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের একটি নতুন প্রতিরক্ষা চুক্তি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া সফরের অংশ হিসেবে ম্যানিলায় তার অবস্থানকালে গতকাল সোমবার দেশ দু’টির মধ্যে এই চুক্তিটি স্বাক্ষর হয়। নতুন চুক্তিটির ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সামরিক বন্ধন আরো দৃঢ় হলো।
চুক্তির আওতায় দেশ দু’টি যৌথভাবে উচ্চমাত্রার সামরিক অভিযান চালাতে পারবে। এছাড়া, মার্কিন সেনবাহিনী ফিলিপাইনের মাটিতে তাদের যন্ত্রপাতিও বসাতে পারবে। তবে চুক্তিতে ফিলিপাইনে স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন এবং দেশটিতে পারমাণবিক অস্ত্র বহন করার অনুমতি দেয়া হয়নি। দশ বছর মেয়াদী ঐ চুক্তিটি স্বাক্ষর করেন ফিলিপাইনের পক্ষে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভলতেয়ার গাজমিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গ। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলকে কেন্দ্র করে ফিলিপাইনে চীনবিরোধী মনোভাব খুবই তীব্র।
চীন তার দাবির পক্ষে ক্রমবর্ধিতভাবে আগ্রাসী হয়ে উঠছে বলে ফিলিপাইন অভিযোগ করেছে এবং দেশটি যুক্তরাষ্ট্রের কাছে আরো বেশি সামরিক ও কূটনীতিক সহায়তার আহবান জানিয়েছে। এর ধারবাহিকতায় ওবামার এশিয়ার সফরের সময় ওয়াশিংটন ও ম্যানিলার মধ্যে নতুন এই সামরিক চুক্তিটি হলো।
