মিসরের নির্বাচনে ভোট দেয়ার আহ্বান সিসির

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২১:১৭
আসছে জাতীয় নির্বাচনে ব্যাপকভাবে অংশ নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মিসরের সেনাবাহিনীর সাবেক প্রধান আব্দেল ফাত্তা আল সিসি। তার এই আহ্বানের বিপরীতে নির্বাচন বর্জন করার ডাক দিয়েছে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ইসলামপন্থি মিত্রজোট। রবিবার দেশটির পর্যটন শিল্পের বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে সিসি এ আহ্বান জানান। ২০১৩ সালের জুলাইয়ে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের জের ধরে মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ইসলামপন্থি মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সিসি। চলতি বছরের ২৬-২৭ মে মিসরের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী হয়েছেন সিসি। বামপন্থি প্রার্থী হামদিন সাবাহি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী। মুসলিম ব্রাদারহুডের মুরসি যে বার জিতেছিলেন সেই ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবাহি তৃতীয় হয়েছিলেন। এবারের নির্বাচনে সিসি সহজ জয় পাবেন বলেই ধারণা করা হচ্ছে। মুরসিকে সরিয়ে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিরোধিতাকারী ইসলামিক দলগুলোর একটি জোট এর আগে এক বিবৃতিতে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। “অভ্যুত্থান আয়োজনকারীকে” ক্ষমতায় বসানোর নকশা হিসেবে “পাতানো” নির্বাচনের আয়োজন করা হচ্ছে বলে দাবি করেছে তারা।