কার্লো অ্যানচেলোত্তির কোচিং সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠেনি কখনোই। রিয়াল মাদ্রিদ এই ম্যাচ হেরে গেলেও হয়তো অ্যানচেলোত্তির বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে সেটা বড় কোন দাগ হয়ে থাকবে না। তবে রিয়ালের হয়ে এই ইতালিয়ান যদি এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেই যান, তাহলে ব্লাঙ্কোসদের ইতিহাসে তার নামটা যে চিরস্থায়ীই হয়ে যাচ্ছে সে বিষয়ে সন্দেহের অবকাশ সামান্যই। কারণ রিয়ালের অ্যানচেলোত্তিকে কোচ হিসাবে বেছে নেয়ার প্রধান কারণই ছিল চ্যাম্পিয়ন্স লিগে বহু আরাধ্য ‘লা দেসিমা’ বা দশম শিরোপার সন্ধান লাভ। রিয়ালে নিজের প্রথম মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মাঠে নামার আগে এবার অ্যানচেলোত্তিও বললেন, লা দেসিমার স্বপ্নে বিভোর তিনিও।
এসি মিলানের কোচ হিসাবে দুই বার ইউরোপের ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের স্বাদ পাওয়া অ্যানচেলোত্তি বলেন, ‘ক্লাবের জন্য দারুণ গুরুত্বপূর্ণ একটা প্রতিযোগিতা এটা। বিশেষ করে এই কারণে যে, আমরা যদি এবার এটা জিততে পারি তাহলে সেটা হবে ক্লাবের দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সেটা সবার জন্যই হবে বিশেষ কিছু। যত তাড়াতাড়ি আমরা এটা জিততে পারি ততই ভাল। আর ক্লাবে নিজের প্রথম মৌসুমেই যদি সেটা জেতা যায়, অবিশ্বাস্য একটা ব্যাপার হবে সেটা।’
তবে সেই স্বপ্ন পূরণে প্রাথমিক কাজটা হচ্ছে আজ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের বাধা টপকানো। করিম বেনজামার একমাত্র গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে জিতে ফাইনালের পথে অনেকটা এগিয়েও গেছে রিয়াল। তবে সেটা রিয়ালের চিরাচারিত আক্রমণাত্মক মানসিকতায় কোন পরিবর্তন আনবে না বলেই জানালেন অ্যানচেলোত্তি। স্ট্রাইকারদের সুযোগ করে দিতে প্রিয় ৪-৩-৩ ফরম্যাশনেই আজ ব্লাঙ্কোসরা নামবে জানিয়ে তিনি বলেন , ‘আমাদের আক্রমণে দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে। বেল-ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে এর বিকল্প নেই।’
