শ্রীলঙ্কাকে হারানোর স্বপ্ন জয়েসের

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২২:০৮
সেরাদের বিপক্ষে নিজেকে পরীক্ষা করতে চান আয়ারল্যান্ডের এড জয়েস। দেশের মাটিতে শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দারুণ কিছু করেই নিজের সামর্থ্যের প্রমাণ নতুন করে দিতে চান এই আইরিশ তারকা। ব্যক্তিগত এই লক্ষ্যের পাশাপাশি দলীয় দৃষ্টিকোণ থেকেও টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়দের বিরুদ্ধে সিরিজটাকে গুরুত্বপূর্ণ ভাবছেন জয়েস। আর দেশের মাটিতে শক্তিশালী দলের বিরুদ্ধে ভাল করার এই সুযোগ ভবিষ্যতে আর পাওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। আগামী ৬ এবং ৮ মে অনুষ্ঠিতব্য দুই ওয়ানডের জন্য ইতোমধ্যেই ১৩ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। ইংলিশ কাউন্টিতে নিয়মিত খেলা জয়সের সময়টাও দারুণ যাচ্ছে। চলতি মাসেই প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। জয়সে বলেন, ‘শ্রীলংকাকে হারানোর সত্যিকারের একটা সুযোগ আমাদের আছে বলে আমি একান্তভাবেই বিশ্বাসী। কারণ মে মাসের প্রথমদিকে ডাবলিনে কন্ডিশন থেকে আমরা যে সুবিধা পাবো, তারা সেটা পাবে না। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন ৩৫ বছর বয়সী জয়েস। কিন্তু শেষ ম্যাচে পরাজিত হয়ে দুই ম্যাচ সিরিজটিকে তখন ড্র মেনে নিতে বাধ্য হয় আইরিশরা। জয়েস বলেন, ‘গত বছর একই মাঠে আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি টাই করেছিলাম এবং দ্বিতীয় ম্যাচটি হেরেছিলাম খুবই স্বল্প ব্যবধানে, এমনকি এ ম্যাচে আমরা জেতার মতো অবস্থায় ছিলাম।’ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলেও ব্যক্তিগত নৈপুণ্যের কারণে সেদিনের স্মৃতিকে বিশেষ কিছু জানিয়ে জয়েস বলেন, ‘কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে সেঞ্চুরি করাটা ছিল আমার জন্য এক বিশেষ উত্সব। তবে ম্যাচে আমরা হেরে যাওয়ায় আমার কাছে স্মৃতিটা ছিল অম্ল মধুর। আশা করছি, এবার আমরা আরো বেশি ভাল করবো এবং বড় কোন দলের বিপক্ষে ডাবলিনে প্রথম ম্যাচ জয়ের রেকর্ড সৃষ্টি করতে পারবো। শ্রীলংকার বিপক্ষে আমরা মাত্র একটা ওয়ানডে খেলেছি ২০০৭ বিশ্বকাপে। সুতরাং বিশ্বের সেরা কিছু বোলারকে মোকাবেলা করার জন্য সত্যিই আমি অপেক্ষা করছি। একজন খেলোয়াড় হিসেবে সব সময়ই আপনি নিজকে সেরাদের বিপক্ষে পরীক্ষা করতে চাইবেন এবং শ্রীলংকার বোলিং আক্রমণ যে তেমন মানের তাতে কোন সন্দেহ নেই।’ সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের দলটির ওপরই আস্থা রেখেছেন আয়ারল্যান্ড কোচ ফিল সিমন্স ও তার নির্বাচক মণ্ডলী। সিমন্স বলেন, ‘আমরা দলে কোন পরিবর্তন আনিনি এবং ছেলেরা গত কয়েক সপ্তাহ ধরে তাত্পর্যপূর্ণ উন্নতি করেছে। সাম্প্রতিক সময়ে পূর্ণ সদস্য কিছু দেশের বিপক্ষে আমরা খুবই ভাল করেছি। তবে বাস্তবতা হচ্ছে, ডাবলিনে আমরা এখনো বড় কোন জয়ের রেকর্ড গড়তে পারিনি। অবশ্য প্রত্যেক বছরই আমরা জয়ের কাছাকাছি গিয়ে ফিরে আসছি। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সে পরাজয়ের বৃত্ত ভাঙ্গাটা কি শ্রেয়তর হবে না? আইরিশ ভক্তদের সামনে তেমন একটা রেকর্ড গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ দলের অধিকাংশ খেলোয়াড়ই ইংলিশ কাউন্টিতে নিয়মিত খেলোয়াড় এবং মৌসুমের শুরুতেই তারা ভাল ফর্মে আছেন। দারুণ সময় চলছে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডেরও। -বাসস